অষ্টম বেতন কমিশনে একলাফে কত লক্ষ টাকা এরিয়ার মিলতে পারে? সরকারি কর্মীদের জন্য রইল বড় হিসাব – এবেলা

অষ্টম বেতন কমিশনে একলাফে কত লক্ষ টাকা এরিয়ার মিলতে পারে? সরকারি কর্মীদের জন্য রইল বড় হিসাব – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অন্দরে জল্পনা একেবারে তুঙ্গে। দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন বেতন কাঠামোর জন্য। যদিও কমিশন এখনও বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চালাচ্ছে এবং চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি, তাও সম্ভাব্য বেতন বৃদ্ধি ও বকেয়া টাকা বা ‘এরিয়ার’ (Arrears) নিয়ে কর্মীদের মধ্যে তুমুল কৌতুহল তৈরি হয়েছে।

নিয়ম অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সেই হিসেবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা।

কর্মীরা কি এরিয়ার পাবেন?

অতীতের রেকর্ড বলছে, বেতন কমিশনের সুপারিশ কার্যকরের নির্দিষ্ট তারিখ এবং বাস্তবে তা চালু হওয়ার মধ্যে বেশ কিছুটা সময়ের ব্যবধান থাকে। যদি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নতুন নিয়ম কার্যকর ধরা হয়, অথচ সরকার তা বাস্তবায়ন করতে আরও কিছুটা সময় নেয়— তবে ওই মধ্যবর্তী সময়ের পুরো বকেয়া টাকাই এরিয়ার হিসেবে পাবেন কর্মীরা।

কত লক্ষ টাকা এরিয়ার মিলতে পারে?

কর্মী সংগঠনগুলির তরফে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তোলা হয়েছে। যদি সরকার এই দাবি মেনে নেয়, তবে এরিয়ারের অঙ্কটা আকাশছোঁয়া হতে পারে। একটি সহজ হিসাব দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক:

  • ন্যূনতম বেতনের হিসাব: বর্তমানে কোনও কর্মীর ন্যূনতম বেসিক বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তবে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হলে তা একলাফে বেড়ে দাঁড়াবে প্রায় ৬৯,০০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে বেসিক বেতন বাড়বে প্রায় ৫১,০০০ টাকা!
  • ২৪ মাসের এরিয়ার: সরকার যদি ২৪ মাস পর এটি বাস্তবায়ন করে, তবে কর্মীরা শুধু বেসিক বেতনের ওপরই এককালীন প্রায় ১২.২৪ লক্ষ টাকা এরিয়ার পেতে পারেন।
  • ১৮ মাসের এরিয়ার: বাস্তবায়নে ১৮ মাস সময় লাগলে বকেয়া টাকার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৯.১৮ লক্ষ টাকা

তবে মনে রাখবেন, এই হিসাবটি সম্পূর্ণ সম্ভাব্য ও উদাহরণস্বরূপ। চূড়ান্ত এরিয়ার কত হবে তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করবে— যেমন কর্মীর বর্তমান পে-লেভেল, কমিশনের সুপারিশ করা আসল ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ্য ভাতা (DA) মার্জ করার পদ্ধতি এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রকৃত সময়।

বর্তমানে অষ্টম বেতন কমিশন কর্মী সংগঠন ও বিভিন্ন মন্ত্রকের সঙ্গে চূড়ান্ত দফার আলোচনা চালাচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলেই বেতন বৃদ্ধি ও এরিয়ারের আসল ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *