অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ হিমন্তের! আসামে ১৮ বছরের বেশি বয়সীদের আর দেওয়া হবে না আধার কার্ড – এবেলা

অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ হিমন্তের! অসমে ১৮ বছরের বেশি বয়সীদের আর দেওয়া হবে না আধার কার্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

গুয়াহাটি: বাংলাদেশে থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে এবার এক নজিরবিহীন ও চরম কড়া সিদ্ধান্ত নিল আসাম সরকার। রাজ্যে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড দেওয়া সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এই বড় সিদ্ধান্তের কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ১৮ বছরের বেশি বয়সের কেউ যদি বিশেষ কোনও কারণে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে চান, তবে সরাসরি তা পাওয়া যাবে না। এর জন্য সংশ্লিষ্ট জেলা কমিশনারকে (DC) রাজ্য সরকারের কাছে বিশেষ প্রস্তাব পাঠাতে হবে। এরপর রাজ্য সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সিদ্ধান্ত নেবে যে, ওই আবেদনকারী আধার কার্ড পাওয়ার যোগ্য কি না।

১০০ শতাংশ ছাড়িয়েছে আধার কার্ডের সংখ্যা!

হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, আসামে আধার কার্ড দেওয়ার হার ইতিমধ্যেই ‘সর্বোচ্চ সীমায়’ (স্যাচুরেশন পয়েন্ট) পৌঁছে গিয়েছে। এমনকি রাজ্যের কিছু কিছু জেলায় আধার কার্ডের সংখ্যা মোট জনসংখ্যার তুলনায় ১০০ শতাংশও ছাড়িয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, “জনসংখ্যার চেয়েও বেশি এই অতিরিক্ত আধার কার্ডগুলো কারা নিচ্ছেন, তা আমাদের গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে।” তবে রাজ্যের চা-বাগান এলাকার জনজাতি সম্প্রদায় এবং তফসিলি উপজাতি (ST) ভুক্ত মানুষদের ক্ষেত্রে এই নিয়ম এখনই লাগু হচ্ছে না, তাঁদের আধার কার্ড দেওয়া জারি থাকবে।

২০২৭ থেকে সম্পূর্ণ কার্যকর হবে এই নিয়ম

মুখ্যমন্ত্রী জানান, এই নতুন নির্দেশিকা ২০২৭ সালের ১ এপ্রিল থেকে পুরোপুরি কার্যকর হতে চলেছে। ওই নির্দিষ্ট তারিখের পর থেকে সংরক্ষিত উপজাতি বা জনজাতি সম্প্রদায়ের ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও নতুন আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনে বিজেপি অবৈধ অনুপ্রবেশের ইস্যুটিকে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছিল। একে দেশের জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সংস্কৃতির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছিল পদ্ম শিবির। ১২৬টি আসনের মধ্যে ৮২টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পরেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *