মাছ ধরতে গিয়ে জালে উঠল বন্দুক! পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
গোসাবা: রবিবার সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে অলৌকিক এক অভিজ্ঞতার সাক্ষী হলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার এক বাসিন্দা। মাছের বদলে তাঁর মেয়ের জালে বা পায়ে উঠে এলো আস্ত একটি বন্দুক! এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবনের গোসাবা থানার পাঠানখালি বেলতলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকার বাসিন্দা আমজেদ সর্দার তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। পুকুরের জলে নামার পর আচমকাই তাঁর মেয়ের পায়ে প্লাস্টিকে মোড়ানো শক্ত একটি জিনিস ঠেকে। কৌতুহলবশত জল থেকে সেই প্লাস্টিকের প্যাকেটটি তুলতেই চোখ কপালে ওঠে বাবা-মেয়ের। দেখা যায়, প্যাকেটের ভেতরে সযত্নে লুকিয়ে রাখা রয়েছে একটি আগ্নেয়াস্ত্র!
পুকুর থেকে বন্দুক উদ্ধারের খবর চাউর হতেই শয়ে শয়ে গ্রামবাসী পুকুরপাড়ে ভিড় জমান। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। গোসাবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। জনবসতি এলাকার একটি পুকুরে কীভাবে এবং কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল, তার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
