বিধানসভায় ‘সই বিকৃতি’ মামলা: ভবানী ভবনে অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে সাড়ে ৩ ঘণ্টা জেরা সিআইডি-র! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: বিধানসভায় তৃণমূল বিধায়কদের ‘সই বিকৃতি’র তদন্তে এবার চরম নাটকীয় মোড়। সিআইডি-র সদর দপ্তর ভবানী ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন রাজ্য গোয়েন্দারা। এই হাইপ্রোফাইল মামলায় রবিবারের এই জেরা পর্ব ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই দুপুর পৌনে বারোটা নাগাদ ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দুপুর সাড়ে তিনটে নাগাদ সেখানে হাজির হন বিধায়ক কুণাল ঘোষ। প্রথমে দু’জনকে আলাদাভাবে জেরা করার পর শুরু হয় মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। কুণাল ঘোষ নিজেই পরে সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, “আমাকে সাক্ষী হিসেবে ডেকেছিল। আমাদের মুখোমুখি বসানো হয়েছিল। আমি তদন্তে সহযোগিতা করেছি।” প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কুণাল ভবন থেকে বেরোলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় আট ঘণ্টা ভবানী ভবনে কাটাতে হয়। জেরা শেষে দুজনেই সোজা চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে।
কী এই ‘সই বিকৃতি’ বিতর্ক?
গত ৪ মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক। অভিযোগ ওঠে, ওই চিঠিতে বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের সই জাল বা বিকৃত করা হয়েছে। শুধু তাই নয়, কালীঘাটের দলীয় বৈঠকের ‘মিটিং রেজ়োলিউশন বুক’-এ সইয়ের পাশে ‘ব্যাক ডেটে’ (৬ জুনের তারিখ) সই করানোর অভিযোগও উঠেছে, যেখানে বৈঠকটি হয়েছিল ১৯ জুন! তৃণমূলের বিধায়কদের একাংশেরই ক্ষোভ, ‘ব্যাক ডেটে’ সই করানো এখন দলের কালচার হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে দলেরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে লিখিত অভিযোগ জানালে মামলাটি সিআইডি-র হাতে যায়।
চাপ বাড়ছে অভিষেকের উপর, আজ ফের ইডি তলব:
সিআইডি সূত্রে খবর, ‘সই বিকৃতি’ এবং ব্যাক ডেটে সই করানোর আসল মাস্টারমাইন্ড কে, তা জানতেই এই রেজ়োলিউশন বইয়ের ‘অরিজিনাল কপি’ পরীক্ষা করতে চান গোয়েন্দারা। ইতিমিধ্যেই ১৪ জন বিধায়কের বয়ান নেওয়া হয়েছে, যার সঙ্গে অভিষেক ও কুণালের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। তবে রবিবারের জেরার পরেও সই বিতর্ক নিয়ে ধোঁয়াশা কাটেনি।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি চাপ যেন কিছুতেই কমছে না। আজ, সোমবারই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের ইডি অফিসে তলব করা হয়েছে তাঁকে। এখানেই শেষ নয়, আগামী ১৬ তারিখ ফের ‘ডিজে বাজানো’র হুমকি মামলায় তাঁকে ভবানী ভবনে তলব করেছে রাজ্য পুলিশ। ফলে পরপর কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সির এই জোড়া ফলায় তৃণমূল শিবিরের অস্বস্তি যে চরমে, তা বলাই বাহুল্য।
