‘আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন?’ আপার প্রাইমারি নিয়োগ নিয়ে রাজ্যকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের – এবেলা

‘আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন?’ আপার প্রাইমারি নিয়োগ নিয়ে রাজ্যকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আপার প্রাইমারিতে ১,২৪১ জনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ দু’বছর ধরে আদালতের নির্দেশ ঝুলে থাকায় বিভাগীয় সচিবকে তীব্র ভর্ৎসনা করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। নির্দেশ কার্যকর না হওয়ায় ইতিমধ্যেই হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে।

‘পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন’— ক্ষুব্ধ বিচারপতিরা

সোমবার মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ বলে, “সেক্রেটারি কি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? তিনি ব্যস্ত মানুষ বলে আমরা ভার্চুয়ালি হাজির হয়ে নির্দেশ কার্যকর করার অনুরোধ জানালাম, তা সত্ত্বেও তিনি বছরের পর বছর ঘোরাচ্ছেন! তিনি কী ভাবছেন?”

বিচারপতিরা আরও যোগ করেন, “দু’বছরের বেশি সময় ধরে এতগুলো ছেলেমেয়ে শুধুমাত্র আদালতের নির্দেশ কার্যকর না করার কারণে ভবঘুরের মতো ঘুরছেন। রাজ্য যদি মনে করে, তবে সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসুক। কিন্তু তা না করে নির্দেশ আটকাতে পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন— এটা হতে পারে না। উল্টে সেক্রেটারি আইনজীবীদের মিসগাইড করছেন।”

আদালতের চূড়ান্ত সময়সীমা

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, “হয় নির্দেশ কার্যকর করুন, নয়তো আদালত অন্য কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে।”

পরিস্থিতি সামাল দিতে এদিন নতুন সরকারের অ্যাডভোকেট জেনারেল (AG) সুরজিৎ নাথ মিত্র বিষয়টি ব্যক্তিগত উদ্যোগে সমাধানের আশ্বাস দেন এবং আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন। রাজ্যকে শেষ সুযোগ দিয়ে আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। তবে নির্দেশ কার্যকর না হলে আদালত যে অন্য পথ নেবে, তা রাজ্যকে সাফ বুঝিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *