রাম মন্দিরে চুরির প্রমাণ প্রকাশ্যে, যোগী সরকারের উপর চাপ বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ! – এবেলা

এবেলা ডেস্কঃ
অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরি ও অব্যবস্থার অভিযোগ ঘিরে এবার উত্তরপ্রদেশ সরকারের উপর চাপ তৈরি করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এই ঘটনায় বেনিয়মের যথেষ্ট প্রমাণ মিলেছে দাবি করে অবিলম্বে এফআইআর দায়ের ও ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি তুলেছেন ভিএইচপির জাতীয় সভাপতি অলোক কুমার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁদের এই স্পষ্ট দাবি ঘিরে রীতিমতো অস্বস্তি বেড়েছে শাসক দল বিজেপির।
সিটের রিপোর্টে পরতে পরতে গলদ
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের কাছে রাম মন্দিরে চুরির অভিযোগের একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিট। সেই রিপোর্টে মন্দির ব্যবস্থাপনার প্রায় প্রতিটি স্তরে বড়সড় গলদের কথা উল্লেখ করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশি থেকে শুরু করে দানবাক্স থেকে টাকা বের করা এবং তা গোনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে বিস্তর অব্যবস্থা ধরা পড়েছে। সিটের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে বেনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং চুরির ঘটনা রুখতে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। চূড়ান্ত তদন্ত রিপোর্ট আসার পরেই এফআইআর দায়েরের বিষয়টি নির্ভর করছে।
চাপের মুখে কৌশল বদল ভিএইচপির
রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাই-সহ গোটা মন্দির পরিচালনার সিস্টেমে বিশ্ব হিন্দু পরিষদের একাধিক সদস্য যুক্ত রয়েছেন। স্বভাবতই এই চুরির ঘটনায় তাঁদের দিকেও অভিযোগের আঙুল উঠছে। ওয়াকিবহাল মহলের মতে, নিজেদের দিকে ওঠা অভিযোগের তির ঘোরাতে এবং স্বচ্ছতা প্রমাণ করতেই এবার এই আক্রমণাত্মক কৌশল নিয়েছে ভিএইচপি। নিরপেক্ষ তদন্তের দাবি তুলে তাঁরা জনসমক্ষে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখতে চাইছেন। তবে প্রকাশ্যে ভিএইচপি নেতৃত্ব যেভাবে দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন, তাতে বিজেপির উপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
