কলকাতা-সহ ৮ জায়গায় ৪ সপ্তাহ থমকে নির্মাণকাজ! কড়া অডিটের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

কলকাতা-সহ ৮ জায়গায় ৪ সপ্তাহ থমকে নির্মাণকাজ! কড়া অডিটের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বিগত তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যানগুলির স্বাস্থ্যপরীক্ষা করতে এবার আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুধু কলকাতা নয়, আরও ৭টি জায়গায় আগামী চার সপ্তাহের জন্য সমস্ত নির্মীয়মাণ বহুতল ও বাড়ির কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় এই বড় ঘোষণা করেন তিনি।

কোথায় কোথায় বন্ধ থাকছে নির্মাণকাজ?

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আগামী ৪ সপ্তাহ নিম্নলিখিত এলাকাগুলিতে নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ থাকবে:

  • কলকাতা পুরসভা (KMC)
  • রাজারহাট-নিউটাউন
  • মহেশতলা
  • বজবজ
  • পূজালি
  • সোনারপুর
  • বারুইপুর
  • দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকা

(ব্যতিক্রম: শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।)

কেন এই কড়া পদক্ষেপ?

সম্প্রতি তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে অনুমোদন পাওয়া সব নির্মীয়মাণ বিল্ডিংয়ের নকশা (প্ল্যান) খতিয়ে দেখা হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই আইএএস রাজেশ পাণ্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্মিতা পাণ্ডে, রচনা ভগত, খলিল আহমেদ-সহ আইআইটি বিশেষজ্ঞ, পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার এবং ডিজি বিল্ডিং রয়েছেন।

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’:

আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অডিট চলবে। নিয়ম মেনে চলা বিল্ডিংগুলি ছাড়পত্র পাওয়ার পর ১ অগাস্ট থেকে ফের কাজ শুরু করতে পারবে। দুর্নীতি দমনে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই অডিটে কোনও গলদ বা বেআইনি কাজ ধরা পড়লে শুধু নির্মাণ বন্ধই নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং দোষীদের জেলে পাঠানো হবে। রাজ্যের বর্তমান সরকার দুর্নীতি নিয়ে যে একেবারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলছে, তা তিনি বিধানসভায় দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *