‘মুনিরের গায়ে আঁচ লাগলে মানচিত্র থেকে মুছে যাবে ইজরায়েল!’ মোসাদকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি? – এবেলা

‘মুনিরের গায়ে আঁচ লাগলে মানচিত্র থেকে মুছে যাবে ইজরায়েল!’ মোসাদকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি? – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহের মধ্যেই এবার ইজরায়েল ও পাকিস্তানকে ঘিরে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। ব্রাজিলের এক সাংবাদিকের দাবি, সুইৎজারল্যান্ডের জেনেভায় এক শান্তি বৈঠকের সময় পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ছক কষেছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’। এই খবর জানাজানি হতেই ইজরায়েলকে কার্যত ধ্বংসের হুমকি দিয়েছে ইসলামাবাদ!

কী ছিল সেই ষড়যন্ত্রের নেপথ্যে?

ব্রাজিলের ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ তথা সাংবাদিক পেপে এসকোবরের দাবি, সুইৎজারল্যান্ডের বার্গেনস্টক রিসর্টে ইরান-আমেরিকা সংঘাত নিয়ে আয়োজিত শান্তি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অভিযোগ, সেই বৈঠকের সুযোগ নিয়ে মোসাদ আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করে। লেবানিজ-অস্ট্রেলিয়ান রাজনৈতিক বিশ্লেষক মারিও নওফালের একটি পডকাস্টে এসকোবার দাবি করেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশেই নাকি এই নীল-নকশা তৈরি হয়েছিল।

পাকিস্তান দিল পালটা হুমকি

এসকোবরের দাবি অনুযায়ী, মোসাদের এই গোপন পরিকল্পনার কথা কোনোভাবে পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে ফাঁস হয়ে যায়। এরপরই ওমানের মধ্যস্থতায় ইজরায়েলকে কঠোর বার্তা দেয় পাকিস্তান। ইসলামাবাদ স্পষ্ট জানায়, “তোমরা যদি আসিম মুনির বা আমাদের প্রতিনিধিদলের কারও ক্ষতি করার চেষ্টা করো, তবে পৃথিবীর মানচিত্র থেকে ইজরায়েলকে মুছে দেওয়া হবে।” এই হুঁশিয়ারির পরই মোসাদ পিছু হটে বলে দাবি ওই সাংবাদিকের।

পুরো বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলছে পাকিস্তান

যদিও এই চাঞ্চল্যকর দাবির সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের প্রধান সংবাদমাধ্যমগুলো এই খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে জানানো হয়েছে, সুইৎজারল্যান্ডে পাক সেনাপ্রধানের সফর সম্পূর্ণ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবং সেখানে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি।

এখন পর্যন্ত ইজরায়েল বা পাকিস্তান—উভয় রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে এই বিতর্কিত বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক মহলে এই দাবির জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *