শিক্ষকদের জন্য সুখবর: মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যের ভোকেশনাল শিক্ষক এবং কলেজস্তরের SACT (State Aided College Teachers)-দের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার বিধানসভায় তিনি জানালেন, এই শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বাজেট পরবর্তী খুশির খবর:
সোমবার রাজ্য বাজেট পেশের সময় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারী সরকার। তবে সেই সময় ভোকেশনাল ও SACT শিক্ষকদের পারিশ্রমিক নিয়ে কোনো ঘোষণা না থাকায় কিছুটা হতাশ ছিলেন তাঁরা। বৃহস্পতিবার বিধানসভায় সেই অভাব পূরণ করে অর্থমন্ত্রী বলেন, “অনেকের দাবি হয়তো পূরণ করা সম্ভব হয়নি, তবে আমি বলছি না যে সেই দাবি অনায্য। ভোকেশনাল ও SACT শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়িয়ে আমরা তাঁদের প্রতি সুবিচার করার চেষ্টা করছি।”
ডিএ ও অন্যান্য বিষয়ে অর্থমন্ত্রীর বার্তা:
কেন রাজ্য সরকার এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সাহসী সিদ্ধান্ত নিল, তারও ব্যাখ্যা দিয়েছেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “ক্ষমতায় আসার আগে থেকেই আমরা সরকারি কর্মীদের ক্ষোভ বুঝতে পেরেছিলাম। তাঁদের বকেয়া ডিএ নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা দূর করতেই এই সিদ্ধান্ত।”
একইসঙ্গে তিনি ‘অন্নপূর্ণা যোজনা’ ও পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পার্থক্যও বুঝিয়ে দেন। অর্থমন্ত্রীর কথায়, “লক্ষ্মীর ভাণ্ডার ছিল সর্বজনীন, আর অন্নপূর্ণা যোজনার ভিত্তি হলো প্রয়োজন। যাঁদের সবচেয়ে বেশি দরকার, তাঁরাই এই প্রকল্পের সুফল পাবেন।”
বাংলার উন্নয়নের রূপরেখা:
রাজ্যের বিকাশ ও কলকাতাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে দাবি করেছেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “অনেকে কলকাতাকে বৃদ্ধদের শহর বলে মনে করছিলেন, যার ফলে তরুণ প্রজন্ম রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিল। আমরা সেই পরিস্থিতি বদলে নতুন আশা সঞ্চার করতে চাই। এই বাজেট কেবল শুরু, সারা দেশকে আমরা দেখাতে চাই যে পশ্চিমবঙ্গ আবার নতুন করে জেগে উঠেছে।”
