গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়িতে কড়া নিরাপত্তা, শনিবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ
বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের জেরে সন্দেহের বশে গণপিটুনিতে নিহত হন নির্দোষ যুবক ইন্দ্রজিৎ মণ্ডল। শনিবার বারুইপুরের সূর্যপুরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার পাশাপাশি নির্যাতিতা এবং মৃত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করবেন। এর আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ সম্পূর্ণ নির্দোষ ছিলেন।
মুখ্যমন্ত্রীর সফরের আগেই ইন্দ্রজিতের পরিবারের নিরাপত্তায় কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তাঁদের বাড়ি মেরামতের পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও পুলিশ প্রহরা। সরকারি তরফ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় খুশি হলেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় নিহতের পরিবার। এই জোড়া অপরাধের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করে মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
