সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই হেভিওয়েট ডিসি – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জেরে কড়া পদক্ষেপ নিল লালবাজার। কলকাতা পুলিশের ডিসি নর্থ (৩) বিধান সাহা এবং ডিসি পোর্ট (২) পার্থপ্রতিম দাসকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই দুই আধিকারিক নিজেদের প্রোফাইলে বিতর্কিত ভিডিও ও পোস্ট করেছিলেন। এরপরই অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সম্প্রতি পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা সোশ্যাল মিডিয়া ব্যবহারে আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। প্রশাসন থেকে কোনও ভুল বার্তা গেলে তা সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই জোড়া সাসপেনশন প্রমাণ করে যে, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় লালবাজার কাউকেই রেয়াত করবে না।
