এক মাসে দ্বিতীয়বার বঙ্গে শাহ! নজরে বিশ্বের বৃহত্তম কারখানা উদ্বোধন ও মেগা বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ১৮ জুলাই দু’দিনের সফরে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বঙ্গ সফর। এই সফরে হাওড়ার সাঁকরাইলে আমুলের তৈরি বিশ্বের বৃহত্তম দই কারখানার উদ্বোধন করবেন তিনি। রাজ্যের শিল্পায়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের উদ্যোগের অন্যতম ফসল এই মেগা প্রকল্প। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। এই কারখানা চালু হলে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৯ জুলাই শাহের নজরে থাকবে মূলত সাংগঠনিক কর্মসূচি। রাজ্যে শাসকদল হিসেবে আগামী দিনে বিজেপি কোন পথে এগোবে, তার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, সাংসদ ও বিধায়কদের সঙ্গে তিনি মেগা বৈঠকে বসবেন। দু’দিনের এই গুরুত্বপূর্ণ জোড়া কর্মসূচি শেষে ওইদিন বিকেলেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
