কার্যকর হতেই রাজ্যে নতুন গুন্ডা দমন আইন নিয়ে বড় ধাক্কা, এবার সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
সোমবার থেকে রাজ্যে নতুন গুন্ডা দমন আইন কার্যকর হতেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল প্রশাসন। আইনটির ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর আবেদনের ভিত্তিতে আদালত একটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। বামেদের তরফ থেকে আগে থেকেই এই নতুন প্রস্তাবিত বিল দুটিকে ‘কালা কানুন’ আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করা হয়েছিল এবং আইন কার্যকর হওয়ার প্রথম দিনই এটি আদালতের দোরগোড়ায় পৌঁছাল।
বিক্ষোভকারী ও বিরোধীদের দাবি, অপরাধ দমনের আড়ালে এই আইনের মাধ্যমে প্রশাসনের হাতে একচ্ছত্র ক্ষমতা চলে যাবে, যা নাগরিকদের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিকাঠামোকে ক্ষুণ্ন করতে পারে। বিলে ‘সমাজবিরোধী কার্যকলাপ’-এর সংজ্ঞা অত্যন্ত বিস্তৃত করায় রাজনৈতিক হেনস্থা এবং সাধারণ মানুষের কণ্ঠরোধের আশঙ্কা করা হচ্ছে। নতুন এই আইনের বেশ কিছু ধারা অনুযায়ী, সরকার চাইলেই কাউকে সমাজবিরোধী দাগিয়ে জেলাছাড়া করতে পারে বা দীর্ঘ সময় জেলে আটকে রাখতে পারে। এই পরিস্থিতিতে নবান্ন ও বিরোধী শিবিরের আইনি ও রাজনৈতিক লড়াই আগামী দিনে আরও তীব্র রূপ নিতে চলেছে।
