মোদীর ‘না খাউঙ্গা’ স্লোগান শুধুই ভাঁওতা! দুর্নীতি নিয়ে কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ স্লোগানকে সম্পূর্ণ ভাঁওতা বলে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, দুর্নীতি দমনের বদলে মোদী সরকার ‘ন্যূনতম শাসন এবং সর্বাধিক ধামাচাপা’-র নীতিতেই চলছে। সোমবার তিনি নোটবন্দি, ইলেক্টোরাল বন্ড, রাফাল চুক্তি ও পিএম কেয়ার্স ফান্ডের মতো ইস্যুতে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। রমেশ দাবি করেন, সরকার ঘনিষ্ঠ পুঁজিপতিদের সুবিধা দেওয়ার পাশাপাশি ক্যাগ রিপোর্টকেও উপেক্ষা করেছে।
অযোধ্যার রাম মন্দিরের অনুদান নয়ছয়, অরুণাচল ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং বিরোধী দল ভাঙানোর ঘটনাগুলি সরকারের আসল রূপ তুলে ধরেছে বলে দাবি রমেশের। এছাড়া, বিতর্কিত জ্বালানি নীতি এবং নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও তিনি সরব হন। কংগ্রেস নেতার স্পষ্ট দাবি, মোদীর শাসনে আসলে শাসকদলের ঘনিষ্ঠদেরই দুর্নীতির অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে।
