তৃণমূল জমানার সব দুর্নীতির তদন্তে বিশেষ কমিশন! দায়িত্বে বিচারপতি বিশ্বজিৎ বসু – এবেলা

তৃণমূল জমানার সব দুর্নীতির তদন্তে বিশেষ কমিশন! দায়িত্বে বিচারপতি বিশ্বজিৎ বসু – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তৃণমূল জমানার ১৫ বছরের (২০১১ থেকে ২০২৬) যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বড় পদক্ষেপ নিল বিজেপি সরকার। যাবতীয় দুর্নীতির তদন্তে এবার একটি বিশেষ কমিশন গঠন করা হলো। এই কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

কমিশনের মূল লক্ষ্য: শুধু আর্থিক অনিয়ম বা দুর্নীতির তদন্তই নয়, ক্ষমতার অপব্যবহার করে কাউকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে এই কমিশন। কোনো সরকারি অফিসারের প্রভাবে কেউ বেআইনি কাজে যুক্ত থাকলে, তাকেও তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনকে। এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা মামলা বাদে বাকি সমস্ত দুর্নীতির তদন্তই এই কমিশনের আওতায় থাকছে।

কমিশনের নজরে কোন কোন ক্ষেত্র? শিক্ষা (প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়), স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা, খাদ্য সরবরাহ, আমফান ত্রাণ, একশো দিনের কাজ, মিড ডে মিল, পুরসভা ও পঞ্চায়েতের কাজ, আবাসন, মৎস্য, পূর্ত দপ্তর, জমি সংক্রান্ত দুর্নীতি এবং জিটিএ (GTA)—প্রতিটি ক্ষেত্রে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি শিল্প ক্ষেত্রে আর্থিক বেনিয়ম, সরকারি চাকরিতে নিয়োগ ও বেআইনি নির্মাণের মতো বিষয়গুলোও কমিশনের নজরে রয়েছে।

কমিশনের কাঠামো: বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত এই কমিশনের তদন্ত বিভাগের দায়িত্বে থাকছেন একজন অভিজ্ঞ আইপিএস অফিসার। প্রশাসনিক কাজের জন্য একজন আইএএস বা ডব্লিউবিসিএস অফিসার এবং প্রযুক্তিগত সহায়তার জন্য পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের একজন অফিসারকে নিযুক্ত করা হয়েছে। সরকারি অর্থ নয়ছয় রুখতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে এই কমিশনের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *