ইথানল পেট্রলে মাইলেজ কমছে? কী বললেন পরিবহণমন্ত্রী গডকড়ী? – এবেলা

এবেলা ডেস্কঃ
পেট্রলের সঙ্গে ইথানলের মিশ্রণ (ই-২০) নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। সাধারণ মানুষের অভিযোগ, এই জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। সাধারণ গাড়ির মালিকদের এই উদ্বেগ ও প্রশ্নের মুখে এবার বড়সড় মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।
মাইলেজ কি সত্যিই কমছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্চালক গডকড়ীকে জানান, তিনি ২০২৩ সালে গাড়ি কেনার পর ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহার করছেন। ফলে তাঁর গাড়ির মাইলেজ ১১ কিমি থেকে কমে ৭ কিলোমিটারে নেমে এসেছে। ড্যাশবোর্ডের ডিসপ্লে থেকে তিনি এই তথ্য পেয়েছেন বলে দাবি করেন।
কী বললেন গডকড়ী? এই অভিযোগের উত্তরে নিতিন গডকড়ী সোজাসাপ্টা জানান, সাধারণ গাড়ি চালক বা মালিকদের পক্ষে গাড়ির মাইলেজ সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয়। তাঁর কথায়, “আমি বা আপনি কেউই গাড়ির মাইলেজ সঠিক ভাবে মাপতে পারব না। জ্বালানির দক্ষতা যাচাই করার ক্ষমতা একমাত্র প্রস্তুতকারক সংস্থারই থাকে।”
সরকারের বক্তব্য: ইতিমধ্যেই কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে স্বীকার করা হয়েছে যে, ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল (ই-২০) ব্যবহারের ফলে কিছু গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ কমতে পারে। তবে মন্ত্রকের মতে, মাইলেজ সামান্য কমলেও এর ইতিবাচক দিক অনেক বেশি। তাদের দাবি, এই জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির পিক-আপ ভালো হয়, ইঞ্জিন দীর্ঘস্থায়ী হয় এবং গাড়ি চালানোর সময় গতি অনেক বেশি মসৃণ থাকে।
