দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তোপ বাম-তৃণমূলকে – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: প্রায় ২০ বছরের দীর্ঘ নির্বাসনের পর অবশেষে নিজের প্রাণের শহর কলকাতায় ফিরতে চলেছেন বিতর্কিত ও প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। দীর্ঘ সময় বাম এবং তৃণমূল শাসনে যে প্রত্যাবর্তনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি, নতুন সরকারের উদ্যোগে তা বাস্তবায়িত হতে চলায় আপ্লুত লেখিকা।
যা বললেন তসলিমা: কলকাতা ফেরা নিয়ে প্রতিক্রিয়ায় তসলিমা বলেন, “সরকার বদলেছে, সময় বদলেছে, কিন্তু ফেরার আকাঙ্খা আমার কখনও বদলায়নি। আগের সরকারগুলি যে সিদ্ধান্ত নিতে পারেনি বা চায়নি, নতুন সরকার সেই অচলাবস্থা ভাঙার চেষ্টা করেছে।” তিনি আরও যোগ করেন, একজন লেখককে রাজনৈতিক ও ধর্মীয় চাপে নির্বাসিত করে রাখা কোনো গণতান্ত্রিক সমাজের জন্য গৌরবের নয়। নতুন সরকারের এই উদ্যোগ মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা।
কলকাতার মানুষের প্রতি কৃতজ্ঞতা: দীর্ঘ সময় নির্বাসিত থাকার যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, “তখন মনে হয়েছিল হয়তো মৃত্যুর পরই কলকাতা আমাকে গ্রহণ করবে। কিন্তু আজ জীবিত অবস্থায় ফিরতে পারার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।” তিনি কলকাতার মানুষ, যারা এত বছর তাঁকে মনে রেখেছেন এবং তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণকারীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
রাজনৈতিক চাপানউতোর: তসলিমার এই ফেরা নিয়ে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “তসলিমাকে ফিরিয়ে আনার দাবি আমি রাজ্যসভাতেই তুলেছিলাম। বাম আমলের সরকার ব্লক ভোটের স্বার্থে তাঁর বই বাজেয়াপ্ত করেছিল। তিনি কলকাতায় আসছেন, এটা আমাদেরই দাবি ছিল। তাঁকে আমরা স্বাগত জানাই।”
রাজনৈতিক ও ধর্মীয় বেড়াজাল কাটিয়ে তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
