নবান্নে শুভেন্দুর সঙ্গে ফ্লিপকার্ট সিইও-র বৈঠক, বাংলায় আসছে মেগা বিনিয়োগ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট সুখবর! পশ্চিমবঙ্গে এবার বিপুল বিনিয়োগের পথে হাঁটতে চলেছে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট (Flipkart)। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। আর এই মেগা বৈঠকের পরই রাজ্যে বড়সড় লগ্নির সবুজ সংকেত মিলেছে।
ফ্লিপকার্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বাংলায় তারা আরও বেশি মাত্রায় বিনিয়োগ করতে আগ্রহী। এর ফলে রাজ্যে যেমন সাপ্লাই চেন বা সরবরাহ পরিকাঠামোর ব্যাপক উন্নতি ঘটবে, তেমনই সেলার ইকোসিস্টেম এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও জোর দেওয়া হবে।
সংস্থাটি জানিয়েছে, গোটা ভারতের মধ্যে ফ্লিপকার্টের সবচেয়ে বড় ‘ফুলফিলমেন্ট সেন্টার’ বা পণ্য মজুত ও সরবরাহ কেন্দ্র বর্তমানে এই বাংলাতেই অবস্থিত। ওয়াকিবহাল মহলের মতে, আগামী দিনে এই নতুন বিনিয়োগের ফলে রাজ্যে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় যুবক-যুবতীদের জন্য বিপুল কর্মসংস্থানের দরজাও খুলে যেতে পারে।
