রথ যেতেই পুজো পুজো গন্ধ! এবার পুজোয় ‘ডবল সপ্তমী’, মহালয়া কবে? রইল নির্ঘণ্ট – এবেলা

রথ যেতেই পুজো পুজো গন্ধ! এবার পুজোয় ‘ডবল সপ্তমী’, মহালয়া কবে? রইল নির্ঘণ্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

রথের চাকা গড়াতেই বাঙালির মনে বেজে উঠেছে ঢাকের বাদ্যি। রথযাত্রার পুণ্য তিথিতেই রাজ্যের পাড়ায় পাড়ায় খুঁটিপুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে শারদীয়ার কাউন্টডাউন। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে দুর্গাপুজো একটু দেরিতে। তবে এবারের পুজোর সবচেয়ে বড় চমক হলো— ‘ডবল সপ্তমী’!

কবে মহালয়া? কবে পুজো? পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর (শনিবার) মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা। সেদিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে সূচনা হবে দেবীপক্ষের। ১১ অক্টোবর থেকে শুরু হবে শারদীয়া নবরাত্রি।

একনজরে দেখে নিন পুজোর নির্ঘণ্ট:

  • মহাসপ্তমী: ১৭ অক্টোবর (শনিবার) এবং ১৮ অক্টোবর (রবিবার)
  • মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)
  • মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)
  • বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

এবারের পুজোর ক্যালেন্ডারে সবচেয়ে বড় আকর্ষণ হলো এই ‘জোড়া সপ্তমী’। পরপর দু’দিন মহাসপ্তমী তিথি থাকায় পুজোর আনন্দ ও উদযাপনে যুক্ত হতে চলেছে এক ভিন্ন মাত্রা।

গজে আগমন, নৌকায় গমন পঞ্জিকা ও শাস্ত্রীয় গণনা অনুযায়ী, মহাসপ্তমী রবিবার পড়ায় এবার দেবী দুর্গার আগমন ঘটছে গজে বা হাতিতে। শাস্ত্র মতে, যা সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে, বুধবার বিজয়া দশমী হওয়ায় দেবী কৈলাসে ফিরবেন নৌকায়। শাস্ত্রজ্ঞদের মতে, নৌকায় গমন উর্বরতা ও শস্যবৃদ্ধির ইঙ্গিত দিলেও, এর ফলে অতিবৃষ্টি বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেরও আশঙ্কা থাকে।

খুঁটিপুজোর আওয়াজ আর প্যান্ডেল বাঁধার তোড়জোড়ের হাত ধরে শহর থেকে গ্রাম— সর্বত্র এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসবের জোরদার প্রস্তুতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *