অন্নপূর্ণা যোজনায় ‘Under Enquiry’? কারা ৩ হাজার টাকা পাবেন না, স্পষ্ট করলেন মন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে সরকার গঠনের পরই মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রেখেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এখনও বহু মহিলার আবেদনের স্টেটাস দেখাচ্ছে ‘Under Enquiry’। এই অবস্থায় তাঁদের মনে প্রশ্ন, তাঁরা কি আদৌ টাকা পাবেন? কারা বাদ পড়বেন এই প্রকল্প থেকে?
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়।
কেন ‘Under Enquiry’ দেখাচ্ছে? মন্ত্রী জানিয়েছেন, সরকারের বয়স মাত্র দু’মাস, তাই গোটা প্রক্রিয়াটি গুছিয়ে নিতে একটু সময় লাগছে। অনেকেই ভুল করে অনলাইন ও অফলাইন—দু’জায়গাতেই ফর্ম জমা দিয়েছেন। বর্তমানে সেই ডবল এন্ট্রি এবং ভুলত্রুটিগুলোই যাচাই করার কাজ চলছে।
কারা টাকা পাবেন না? আন্ডার ইনকোয়ারিতে থাকা সকলেই যে টাকা পাবেন, এমনটা নয়। যাঁদের আবেদন বাতিল হবে, তাঁদের সম্পর্কে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন:
- তথ্য গোপন: অনেকেই আসল তথ্য গোপন করে প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। যাচাইয়ে তা ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
- মানদণ্ড পূরণ না হওয়া: যাঁরা অন্নপূর্ণা যোজনার সরকারি নিয়ম বা মানদণ্ডের মধ্যে পড়বেন না, তাঁদের আবেদন সরাসরি বাতিল করা হবে।
কীভাবে চলছে ভেরিফিকেশন? গত ১ জুলাই দ্বিতীয় দফার টাকা দেওয়ার সময় বহু মহিলার আবেদন ‘রিজেক্টেড’ দেখায়। এরপরই তড়িঘড়ি সেই বাতিল আবেদনগুলি নতুন করে রি-ভেরিফিকেশন বা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
বর্তমানে সেই আবেদনগুলির স্টেটাসই ‘আন্ডার ইনকোয়ারি’ দেখাচ্ছে। নতুন করে নথি যাচাইয়ের কাজ চলছে। এমনকি, অনেক ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়েও তথ্য খতিয়ে দেখছেন আধিকারিকরা। সব তথ্য ঠিক থাকলে তবেই মিলবে অন্নপূর্ণার ৩ হাজার টাকা। যোগ্যরা কোনোভাবেই বঞ্চিত হবেন না বলে আশ্বস্ত করেছে সরকার।
