প্রকাশ্য রাস্তায় জামাকাপড় ছিঁড়ে হাই-ভোল্টেজ ড্রামা! মিরাটের এই দম্পতির কাণ্ড দেখে থ পুলিশও – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের মিরাট থেকে সামনে এল এক চরম নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনা। উচ্চবিত্ত এলাকা হিসেবে পরিচিত শহরের এক ব্যস্ত রাস্তার মাঝেই স্বামী-স্ত্রীর হাতাহাতির দৃশ্য দেখে তাজ্জব বনে গেছেন পথচলতি মানুষ। সাধারণ পারিবারিক অশান্তি যে কীভাবে প্রকাশ্য রাস্তায় এক নজিরবিহীন নাটকীয়তায় রূপ নিতে পারে, তার সাক্ষী রইল মিরাট।
ঘটনাটি ঘটেছে মিরাটের সিভিল লাইনস থানার অন্তর্গত ভিক্টোরিয়া পার্কের কাছে ক্রিকেট গ্রাউন্ড রোডে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সোনম ও তাঁর স্বামী সঞ্চিত ভারতী কোনো একটি বিষয় নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জনসমক্ষে স্বামীর জামা টেনে ছিঁড়ে ফেলেন স্ত্রী। মেজাজ হারিয়ে ওই ব্যক্তিও নিজের ছেঁড়া শার্ট খুলে স্ত্রীর মুখের ওপর ছুড়ে মারেন। এরপর গটগট করে সেই জায়গা ছেড়ে অনাবৃত ঊর্ধ্বাঙ্গেই উল্টো দিকে হাঁটা শুরু করেন তিনি।
মাঝরাস্তায় এই লঙ্কাকাণ্ড দেখে মুহূর্তের মধ্যে উৎসুক জনতার ভিড় জমে যায়, যার জেরে ওই চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভিডিওতে স্ত্রীকে চিৎকার করে বলতে শোনা যায়, “কোথায় যাচ্ছো তুমি?”
এই হট্টগোলের মাঝে স্থানীয় এক কাউন্সিলর জরুরি নম্বর ১১২-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং শুরু করে। পুলিশি তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনম ও সঞ্চিত ভারতীর মধ্যে দীর্ঘ দিন ধরেই দাম্পত্য কলহ চলছে। এর আগেও বিষয়টি বহুবার থানা এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামী সঞ্চিত নিয়মিত তাঁর স্ত্রীকে মাসিক ভরণপোষণ দিয়ে আসছিলেন। পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদের ঘটনা। বর্তমানে উভয়পক্ষের সঙ্গেই আলোচনা চলছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
