অবশেষে স্বস্তি কেষ্ট মণ্ডলের! কোন শর্তে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন অনুব্রত? – এবেলা

এবেলা ডেস্কঃ
অবশেষে আইনি স্বস্তি পেলেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তাঁকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশেষ করে ইটভাটা সংক্রান্ত মামলায় আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী অফিসারের মুখোমুখি হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বিচারক।
রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি জট তৈরি হতে দেখা গেছে। সম্প্রতি বীরভূমের একটি ইটভাটার ৩০ লক্ষ টাকা লুট করার মামলায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। পুলিশি গ্রেফতারির আশঙ্কা এড়াতে এর আগে সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হওয়ায় তিনি সরাসরি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। সোমবার সেই মামলার শুনানিতেই তাঁকে আগাম জামিন দেয় উচ্চ আদালত।
রাজনৈতিক মহলের মতে, একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দলীয় সংগঠনের পুরো নিয়ন্ত্রণ থাকত তাঁর হাতেই। তবে গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বীরভূমের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। পরবর্তীতে জেল থেকে ফিরে এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করলেও আগের সেই প্রভাবশালী জায়গা ফিরে পাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নানা রাজনৈতিক পটপরিবর্তন ও সমীকরণের জেরে বীরভূমের রাজনীতিতে তাঁর অবস্থান ও ভূমিকা নিয়ে চর্চা এখন তুঙ্গে।
