‘লিখে জানান, দ্রুত টাকা দেওয়া হবে!’ অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিতদের জন্য আগস্টেই বড় বার্তা অগ্নিমিত্রা পালের – এবেলা

এবেলা ডেস্কঃ
জুন ও জুলাই মাসে দুই দফায় বহু যোগ্য মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’-র আর্থিক সহায়তা পেলেও, বেশ কিছু আবেদনকারী এখনও এই সুবিধা থেকে বঞ্চিত। তবে যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আগে ঘোষণা করা হয়েছিল যে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সব প্রাপকই নতুন সরকারের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু নথিপত্র যাচাইয়ের পর দেখা যায় সেখানে বিস্তর গরমিল রয়েছে। তালিকায় বহু পুরুষের নাম যেমন অন্তর্ভুক্ত হয়েছিল, তেমনই আবার অনেক আয়করদাতার নামও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ভুয়ো বা অন্যায্য উপভোক্তাদের বাদ দিতেই নতুন করে ফর্ম ফিল আপ ও নথিপত্র পরীক্ষার সিদ্ধান্ত নেয় সরকার।
তবে নতুন প্রক্রিয়ার মাঝে ঘটে বিপত্তি। অভিযোগ ওঠে, প্রশাসনিক কিছু আধিকারিক বা কর্মীর গাফিলতির কারণে বহু প্রকৃত ও যোগ্য মহিলার নাম অনলাইন পোর্টালে আপলোডই করা হচ্ছে না।
এই সমস্যার কথা মুখ্যমন্ত্রীর নজরে এলে তিনি স্পষ্ট নির্দেশ দেন— যাঁদের পাওয়ার কথা কিন্তু পাননি, তাঁরা যদি নির্দিষ্ট বিবরণ সহ লিখিতভাবে জানান, তবে অবিলম্বে বিষয়টির সত্যতা যাচাই করে তাঁদের বকেয়া সুবিধা বুঝিয়ে দেওয়া হবে।
প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবং সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাতে বিজেপি মহিলা মোর্চা শুরু করতে চলেছে বিশেষ কর্মসূচি ‘বৈঠকে আড্ডা’। সরকারের মূল লক্ষ্য, কোনো ভুয়া আবেদনকারী যেন এই প্রকল্পের সুবিধা না পায় এবং কোনো প্রকৃত যোগ্য মহিলা যেন সরকারি সাহায্য থেকে বঞ্চিত না হন।
