শুভেন্দুর চিনার পার্কের বাড়ি থেকে নবান্ন, জইশ জঙ্গি হামিমের রেইকির ছকে চাঞ্চল্য! – এবেলা

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি থেকে নবান্ন, জইশ জঙ্গি হামিমের রেইকির ছকে চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

ধৃত জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার শাগরেদদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে রাজ্য এসটিএফ (STF)-এর হাতে। তদন্তে জানা গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুধু সভা-সমাবেশ বা যাত্রাপথই নয়, তাঁর চিনার পার্কের বাসভবনেও রেইকি চালিয়েছিল হামিম। এমনকি নবান্ন চত্বরেও এই জঙ্গি নজরদারি চালিয়েছিল কি না, তা নিশ্চিত করতে এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

গত বৃহস্পতিবার বর্ধমান থেকে গ্রেফতার করা হয় জইশ সদস্য হামিম মণ্ডলকে। এসটিএফ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর ওপর নজর রাখা এবং তাঁর নিরাপত্তার ‘ফাঁকফোকর’ (Unguarded Locations) চিহ্নিত করাই ছিল পাক হ্যান্ডলারদের থেকে পাওয়া হামিমের মূল ‘টাস্ক’। সেই ব্লু-প্রিন্ট অনুযায়ী সে শুভেন্দুর একাধিক অনুষ্ঠানেও উপস্থিত ছিল। শুধু তা-ই নয়, চিনার পার্কে শুভেন্দুর বাড়ির কাছাকাছি ঘর ভাড়া নিয়ে থাকারও পরিকল্পনা ছিল তার।

এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, হামিমের নিশানায় শুধু শুভেন্দু অধিকারীই ছিলেন না, হাওড়া উত্তরের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাইও ছিলেন তাদের টার্গেটে। বিধায়ক-পুত্রকে ‘হানিট্র্যাপে’ ফেলে অপহরণ ও বড়সর নাশকতার ছক কষা হয়েছিল।

এই ঘটনায় হামিমের বান্ধবী ঝাড়খণ্ডের অর্পিতা সরকার এবং তার অপর সহযোগী আদিত্য সিংকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অর্পিতার সাথে সরাসরি পাক হ্যান্ডলারদের যোগাযোগ ছিল। রাজ্যে আর কারা এই জঙ্গি নেটওয়ার্কের সাথে যুক্ত, এদের অর্থ জোগানের উৎস কী এবং ঠিক কী কী নাশকতার পরিকল্পনা ছিল—তা জানতে ধৃতদের টানা জেরা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *