মুর্শিদাবাদে পুলিশের মেগা অভিযান: উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও বোমা, ধৃত ২! – এবেলা

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদ: রাজ্যে ‘ভয় আউট, ভরসা ইন’ বার্তা কার্যকর হতেই মুর্শিদাবাদের অন্যতম দুর্ধর্ষ এলাকা হিসেবে পরিচিত সুতির মহলদারপাড়ায় অভিযান চালাল পুলিশ। দীর্ঘদিন ধরে অপরাধের কেন্দ্রস্থল বলে পরিচিত এই গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ তাজা বোমা, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি।
তৃণমূল জমানায় সুতি থানার মহলদারপাড়া ছিল অপরাধীদের ঘাঁটি। অভিযোগ, অসামাজিক কাজকর্ম এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে রাতে পুলিশও ওই এলাকায় ঢুকতে ভয় পেত। তবে সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলাতেই সুতি থানার পুলিশ একযোগে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে মহলদারপাড়ার ইমামবাজার এলাকায় হাসান মহলদারের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২০টি তাজা বোমা উদ্ধার হয় এবং হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চক্রের মূল তথ্য।
হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে খানাবাড়ি এলাকায় ইয়াজ হোসেন নামে অপর এক যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়:
- ১টি অত্যাধুনিক ৯ এমএম পিস্তল (৪ রাউন্ড গুলিসহ)
- ১টি ৭.৬৫ এমএম পিস্তল (৬ রাউন্ড গুলিসহ)
- ৪টি খালি ম্যাগাজিন
এই ঘটনায় হাসান মহলদার ও ইয়াজ হোসেন—দুই অপরাধীকে গ্রেপ্তার করে শুক্রবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছিল। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
