পড়ালেখা ছেড়ে কনটেন্ট ক্রিয়েটর হতে চাইছে সন্তান? দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাবা-মায়ের! – এবেলা

এবেলা ডেস্কঃ
একসময়ে তরুণ প্রজন্মের কাছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নই ছিল প্রধান। তবে বর্তমান যুগে পড়াশোনা লাটে তুলে দিয়ে দিনরাত ক্যামেরার সামনে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ঝোঁক হু হু করে বাড়ছে। বিনা পুঁজিতে স্বাধীনভাবে কিছু করার ইচ্ছা এবং রাতারাতি জনপ্রিয়তার নেশাই তরুণ-তরুণীদের এই পেশার প্রতি আকৃষ্ট করছে। সন্তানের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরা। তবে বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে হঠাৎ করে সন্তানের ওপর চড়াও হওয়া বা সরাসরি প্রস্তাব নাকচ করা কাজের কথা নয়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সন্তান কী ধরনের কনটেন্ট তৈরি করতে চাইছে, সে বিষয়ে আগে পরিষ্কার ধারণা নিন। শালীনতা বজায় রেখে পড়াশোনার পাশাপাশি বিকল্প পেশা হিসেবে এই ক্ষেত্রটিকে বেছে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। তবে পড়াশোনায় কোনোভাবেই যাতে অবহেলা না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। বকাঝকা না করে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন পড়াশোনার প্রয়োজনীয়তার কথা। পাশাপাশি, সাফল্য না পেলে ভেঙে না পড়ে বিকল্প ভাবার মানসিক প্রস্তুতিও রাখতে হবে।
