অবতরণের মুখেই লেজার হামলা! রানওয়ের ঠিক আগে বিপদে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান, অল্পের জন্য রক্ষা – এবেলা

অবতরণের মুখেই লেজার হামলা! রানওয়ের ঠিক আগে বিপদে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান, অল্পের জন্য রক্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ

সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত্রে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ১৫৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামছিল ‘MH১৪৮’ বিমানটি। রাত আনুমানিক ১১টা ২০ মিনিট নাগাদ, বিমানটি যখন রানওয়ে থেকে মাত্র ৮ নটিক্যাল মাইল দূরে ছিল, ঠিক তখনই বারাসাত ও মধ্যমগ্রামের দিক থেকে ককপিট লক্ষ্য করে তীব্র লেজার লাইট মারা হয়।

পাইলটের চোখে হঠাৎ লেজারের আলো এসে পড়ায় তিনি সাময়িকভাবে দিকভ্রান্ত হয়ে পড়েন। এর ফলে নির্দিষ্ট সময়ে ল্যান্ডিং করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে পাইলট আকাশে বিমানটি চক্কর কাটাতে বাধ্য হন। পরবর্তীতে রাত ১১টা ২৫ মিনিট নাগাদ ১৯এল রানওয়েতে নিরাপদেই বিমানটিকে নামিয়ে নিয়ে আসেন পাইলট।

অবতরণের পর বিমানটি ৫৭এল নম্বর পার্কিং বে-তে রাখা হয়। ঘটনাটি ঘটে যাওয়া মাত্রই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) বিষয়টি জানান। বিমানসংস্থার তরফ থেকে অভিযোগ পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এনএসসিবিআই (NSCBI) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের সময় লেজার লাইটের এমন উপদ্রব নতুন নয়। এর আগেও একাধিকবার একই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটেছে এবং থানায় অভিযোগও করা হয়েছিল। বারবার সতর্ক করার পরেও কীভাবে এমন ঘটনা ঘটে চলেছে, তা নিয়ে এখন বড়সড় নিরাপত্তার প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *