সিগারেট খান না তবুও থাবা বসাচ্ছে মারণ রোগ! মহিলাদের মাঝে লাফিয়ে বাড়ছে ফুসফুসের ক্যান্সার? – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টের সমস্যাকে সাধারণ হাঁজল বা সর্দি-কাশি ভেবে ভুল করার দিন শেষ। চিকিৎসকদের মতে, তামাকের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক সময়ে ভারতজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ। এর মধ্যে মহিলা ও অধূমপায়ীদের আক্রান্ত হওয়ার হার চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলেছে। বায়ুদূষণ, রান্নার ধোঁয়া, পরোক্ষ ধূমপান এবং জিনগত পরিবর্তন বা ইজিএফআর মিউটেশনের মতো কারণগুলো নীরবেই ডেকে আনছে এই মারাত্মক বিপদ। প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণগুলো সাধারণ সর্দি-কাশি বা যক্ষ্মার সঙ্গে মিলে যাওয়ায় রোগ নির্ণয়ে প্রায়ই মারাত্মক দেরি হয়ে যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ক্যান্সারে মৃত্যুর তালিকার একেবারে শীর্ষে রয়েছে ফুসফুসের ক্যান্সার। অথচ সামান্য সচেতনতা ও সময়মতো পরীক্ষা এই প্রাণঘাতী রোগ থেকে জীবন বাঁচাতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, একটানা কাশি বা সামান্য শ্বাসকষ্টের সমস্যাকে কোনোভাবেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সঠিক সময়ে রোগ ধরা পড়লে এবং প্রথম পর্যায়ে চিকিৎসা শুরু হলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। তাই সামান্য শারীরিক অস্বস্তি দেখা দিলেই আর ঝুঁকি না নিয়ে এখনই সচেতন হোন।
