“পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?”— ইথানল বিতর্কে বিরোধীদের বিস্ফোরক আক্রমণ বিজেপি সাংসদের! – এবেলা

“পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?”— ইথানল বিতর্কে বিরোধীদের বিস্ফোরক আক্রমণ বিজেপি সাংসদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে পেট্রলে ইথানল মেশানো (Ethanol Blending) বা ‘E20’ নীতি নিয়ে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করতে গিয়ে বিরোধীদের উদ্দেশে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে প্রশ্ন ছুড়ে দেন— “খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?” তাঁর এই বিতর্কিত মন্তব্য সামনে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

কেন জরুরি ইথানল ব্লেন্ডিং? সাংসদের যুক্তি

কেন্দ্রীয় সরকারের নীতির সমর্থনে জনার্দন মিশ্র জানান, ভারতের মোট জ্বালানি চাহিদার মাত্র ২০ শতাংশ দেশে তৈরি হয়, আর বাকি ৮০ শতাংশই বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। বর্তমানে বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক সংকটের কারণে তেলবাহী জাহাজগুলিকে প্রায় ১৮ হাজার কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে ভারতে আসতে হচ্ছে। এমন এক জটিল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর সাহসী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু বিরোধীদলগুলি না বুঝেই এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

ব্রাজিলের মডেল ও ইঞ্জিনের স্থায়িত্ব

বিরোধীদের তোপ দেগে বিজেপি সাংসদ ব্রাজিলের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ব্রাজিল বিশ্বজুড়ে সর্বাধিক ইথানল তৈরি করে এবং সে দেশের গাড়ি ১০০ শতাংশ ইথানলেই চলে। ভারতীয় গাড়িগুলিও এই বিকল্প জ্বালানিতে চলতে সম্পূর্ণ সক্ষম।

একই সাথে, ইথানল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে— বিরোধীদের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, দেশের বিশেষজ্ঞরা এটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেই ছাড়পত্র দিয়েছেন। পেট্রলে ২০% ইথানল মিশালে গাড়ির স্থায়ী কোনো ক্ষতি বা আয়ু কমে যাওয়ার প্রমাণ মেলেনি।

সরকারের বায়োগ্যাস ও বিকল্প জ্বালানি নীতির প্রশংসা করে তিনি দাবি করেন, দেশের জ্বালানি সংকট মেটাতে ও স্বনির্ভর হতে ইথানল নীতির বিরুদ্ধে বিরোধীদের এই প্রতিবাদ একেবারেই অযৌক্তিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *