আরজি কর কাণ্ডে বিরাট মোড়: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে নতুন FIR – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি করের নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা থেকে এল এক বড় ঘোষণা। ওই ঘটনায় সিবিআই তদন্ত চলা সত্ত্বেও, তথ্যপ্রমাণ লোপাট ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে নতুন করে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উত্তর ২৪ পরগনার জলহাটির লোকসংস্কৃতি ভবনে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন মৃতার মা-বাবা এবং মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ব্যারাকপুর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরদিন, অর্থাৎ সোমবারই নির্যাতিতার বাবা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একটি নতুন অভিযোগপত্র জমা দেন।
দায়ের হওয়া এই নতুন মামলায় নির্মল ঘোষ, সোমনাথ দে, এবং সঞ্জীব মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন প্রভাবশালীর নাম রয়েছে।
স্মারকল সভায় মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য:
- শ্মশানকাণ্ড ও সন্দিগ্ধ ভূমিকা: নিহত চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে দাহ করা নিয়ে প্রথম থেকেই একাধিক প্রশ্ন উঠছিল। মুখ্যমন্ত্রী জানান, যে শ্মশানে দেহ দাহ করা হয়েছিল, সেখানে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা ঠিক কী ছিল, তা পুলিশি তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন।
- বিনামূল্যে দাহকার্য নিয়ে প্রশ্ন: শবদাহের জন্য পরিবারের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি কেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
- পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: প্রশাসনিক গাফিলতির দায়ে ইতিমধ্যে পুলিশের শীর্ষ তিন আধিকারিককে বরখাস্ত (Suspend) করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সিবিআই ও বিচারবিভাগীয় প্রক্রিয়ার পাশাপাশি এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখবে।
