“সিঙ্গুর পাই, ক্ষুদিরাম-মাতঙ্গিনীকে নয়!” পাঠ্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ৫ কোটির মেগা প্রকল্প শুভেন্দুর – এবেলা

“সিঙ্গুর পাই, ক্ষুদিরাম-মাতঙ্গিনীকে নয়!” পাঠ্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ৫ কোটির মেগা প্রকল্প শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে কেশপুরের মোহবনীতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এদিন যাত্রা পথে তাঁর কপ্টারে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে, তিনি সড়ক পথেই গাড়ি চালিয়ে মোহবনী পৌঁছান এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠান মঞ্চ থেকে দেশের ইতিহাসের প্রতি পূর্বতন সরকারের উদাসীনতার অভিযোগ তুলে তিনি বলেন, “৩৪ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল রাজত্বে দেশের বীর সন্তানদের সঠিক সম্মান দেওয়া হয়নি। আমাদের পাঠ্যপুস্তকে সিঙ্গুর থেকে টাটা তাড়ানোর গল্প পড়ানো হলেও ক্ষুদিরাম বসু কিংবা মাতঙ্গিনী হাজরার মতো বীর সংগ্রামীদের আত্মত্যাগের কথা সঠিক ভাবে তুলে ধরা হয়নি।”

শুভেন্দু অধিকারী জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে ক্ষুদিরাম বসুর ভগ্নপ্রায় পৈতৃক ভিটেবাড়ির সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশেষ পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই নির্দেশের কথা উল্লেখ করে তিনি মোহবনী ডেভলপমেন্ট অথরিটিকে প্রাথমিক ভাবে ৫ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন।

প্রকল্পের প্রধান আকর্ষণসমূহ:

  • ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেবাড়ির সম্পূর্ণ সংস্কার।
  • একটি অত্যাধুনিক গ্যালারি ও মিউজিয়াম নির্মাণ।
  • বীর বিপ্লবীদের জীবন আধারিত বিশেষ লেজার শো-এর ব্যবস্থা।
  • বাইরে থেকে আসা দর্শনার্থী ও পর্যটকদের সুবিধার জন্য গেস্ট হাউস বা থাকার আবাসন।

তিনি আরও স্পষ্ট করেন যে, প্রাথমিক ভাবে ৫ কোটি টাকা দেওয়া হলেও এই সুবিশাল প্রকল্পের জন্য ভবিষ্যতে আরও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *