‘শিউলি হটাও’ স্লোগানে তোলপাড়! বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে উঠলেন না তৃণমূল বিধায়ক – এবেলা

‘শিউলি হটাও’ স্লোগানে তোলপাড়! বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে উঠলেন না তৃণমূল বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবসে তাঁর জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক শিউলি সাহা। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগেই সভামঞ্চের আশেপাশে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিধায়ককে দর্শকাসনে দেখেই বিক্ষুব্ধ জনতা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত আয়ত্তের বাইরে চলে যাওয়ায় তিনি নির্ধারিত মঞ্চে আর উঠতে পারেননি এবং কিছু সময় পর সেখান থেকে চলে যান।

বিক্ষোভরত স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১০ বছরের বিধায়ক মেয়াদে কেশপুরের উন্নয়নে কোনও কার্যকর পদক্ষেপ করেননি শিউলি। এমনকি, স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটা সংরক্ষণের ব্যাপারেও তিনি সম্পূর্ণ উদাসীন ছিলেন। এক স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে অভিযোগ করেন যে বিধায়কের অনুগামীদের অত্যাচারে সাধারণ মানুষ চরম অতিষ্ঠ। এই তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের জেরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও এ বিষয়ে বিধায়কের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *