আমেরিকার জল সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ সাইবার হামলা! নেপথ্যে কি ইরানের প্রতিশোধ? – এবেলা

এবেলা ডেস্কঃ
মিনেসোটা দিয়ে শুরু হয়ে আমেরিকার অন্তত সাতটি প্রদেশের পৌর এলাকার পানীয় জল সরবরাহ ব্যবস্থা ভয়ঙ্কর সাইবার হামলার শিকার হয়েছে। এফবিআই সূত্রে জানা গিয়েছে, এই হামলার ফলে মিনেসোটা, জর্জিয়া, নিউ জার্সি ও দক্ষিণ ডাকোটা-সহ একাধিক প্রদেশের লক্ষ লক্ষ অধিবাসী চরম সঙ্কটে পড়েছেন এবং সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মার্কিন প্রশাসনের প্রাথমিক অভিযোগ, এই নাশকতার নেপথ্যে রয়েছে ইরান-সমর্থিত হ্যাকার গোষ্ঠী। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে লক্ষাধিক সরকারি পানীয় জল সরবরাহ ব্যবস্থা ও বর্জ্য জল শোধনাগার রয়েছে, যা ভূগর্ভস্থ বা জলাধারের উৎস থেকে পরিশুদ্ধ করে নাগরিকদের সরবরাহ করা হয়। সাইবার হ্যাকারেরা সুপরিকল্পিতভাবে এই সংবেদনশীল পরিকাঠামোতেই থাবা বসিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলিতে হামলার পাল্টা জবাব হিসেবেই তেহরান এই সাইবার হানার পথ বেছে নিয়েছে কিনা, তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে।
