আরজি কর কাণ্ডে সিবিআইয়ের নতুন চাল: ঘটনার আগের রাতের ‘টাইমলাইন’ মেলাতে ফের জোর তলব! – এবেলা

আরজি কর কাণ্ডে সিবিআইয়ের নতুন চাল: ঘটনার আগের রাতের ‘টাইমলাইন’ মেলাতে ফের জোর তলব! – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার তদন্তে এবার নতুন করে গতি আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ২০২৪ সালের ৯ অগস্টের ঠিক আগের রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে হাসপাতালে কারা উপস্থিত ছিলেন, কার গতিবিধি কেমন ছিল এবং শেষ মুহূর্তে কে কী দেখেছিলেন—সেই সংক্রান্ত নিখুঁত তথ্য জানতে এবার নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গেছে, এই রহস্যের জট ছাড়াতে হাসপাতালের একাধিক নার্স, চিকিৎসক ও অন্যান্য কর্মীদের নতুন করে তলব করার প্রক্রিয়া শুরু হচ্ছে।

পরিবারের আপত্তির পরই তদন্তে গতি

সম্প্রতি শিয়ালদা আদালতে সিবিআই মামলার অগ্রগতির রিপোর্ট জমা দিলে, মৃত চিকিৎসকের পরিবারের তরফ থেকে প্রশ্ন তোলা হয়—ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে থাকা সহকর্মী ও বন্ধুদের কেন আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? পরিবারের এই আপত্তির পর তদন্তের ধরণ বদলায় সিবিআই। তদন্তকারীদের মূল লক্ষ্য এখন ঘটনার আগের রাতের একটি স্পষ্ট ও অকাট্য ‘টাইমলাইন’ তৈরি করা। সেই অনুযায়ী চিকিৎসক ও কর্মীদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং আগামী সপ্তাহেই তাঁদের ডেকে পাঠানো হতে পারে।

আর্থিক দুর্নীতি মামলাতেও কড়া নজর

অন্যদিকে, খুন ও ধর্ষণের মামলার পাশাপাশি আরজি করের তৎকালীন আর্থিক দুর্নীতি মামলার তদন্তও সমান তালে চালাচ্ছে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময়ের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, বিল মেটানো এবং টেন্ডার সংক্রান্ত দুর্নীতির তথ্য মেলাতে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। কেনাকাটার নথি ও ভেন্ডরদের বিল মিলিয়ে দেখে দুর্নীতির শিকড় কত দূর ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *