আবাস যোজনার ঘর তৈরি এখন আরও সহজ, বালির দাম বেঁধে দিল প্রশাসন! – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমান জেলায় দীর্ঘদিন ধরে চড়া দামে বালি বিক্রির অভিযোগ উঠছিল। সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে এবং কালোবাজারি রুখতে জেলাশাসকের দফতরে বিধায়ক ও ব্যবসায়ীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বালির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আবাস যোজনার উপভোক্তাদের জন্য প্রতি ১০০ সিএফটি বালির সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা, যার মধ্যে লোডিং খরচও অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে, সাধারণ ক্রেতা এবং সরকারি নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে প্রতি ১০০ সিএফটি বালির মূল্য ধার্য করা হয়েছে ৫২৫০ টাকা। বর্ষার মরশুমে নদী থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা এবং ঘাট বন্ধ থাকার সুযোগ নিয়ে একশ্রেণির ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন করছিলেন বলে অভিযোগ ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন সাধারণ মানুষ ও আবাস যোজনার উপভোক্তারা।
