রেনকোজির চিতাভস্ম সুভাষের নয়! নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে মোদিকে বিস্ফোরক চিঠি ফরওয়ার্ড ব্লকের! – এবেলা

এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের জট পাকাতেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি দিল সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক। বুধবার দলের সাধারণ সম্পাদক জি. দেবরাজন এই চিঠি পাঠিয়ে দাবি জানিয়েছেন, ভারত সরকার যেন অবিলম্বে মুখার্জি কমিশনের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। ১৯৯৯ সালে গঠিত ওই কমিশন দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জানিয়েছিল, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়নি। ফলে জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত তথাকথিত ‘চিতাভস্ম’ আদতে সুভাষচন্দ্রের নয় বলেই দাবি করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই চিতাভস্মের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটিকে দেশে ফিরিয়ে আনার সমস্ত প্রচেষ্টা চিরতরে বন্ধ করা উচিত। এর পাশাপাশি দক্ষ তদন্তকারী, ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ দল গঠনের জোরালো আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, নেতাজির মৃত্যু নিয়ে দীর্ঘদিনের ধন্দ কাটানোর পক্ষে তাঁর কন্যা অনিতা বসু পাফ অতীতে ডিএনএ পরীক্ষার প্রস্তাব দিলেও, ফরওয়ার্ড ব্লকের এই নতুন পদক্ষেপে অন্তর্ধান রহস্য ঘিরে রাজনৈতিক বিতর্ক ফের চড়তে শুরু করেছে।
