“কে বলে দেবে কখন বেরোব, কী পরব?”— ১৪ অগাস্ট ‘রাত দখলে’র জোরালো ডাক মন্ত্রী অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে কলকাতার রাজপথে নারীদের একতাবদ্ধ হওয়ার ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নারী নিরাপত্তা, ভীতিহীন পরিবেশ এবং শহরের বুকে নারীদের অবাধ চলাফেরার অধিকার নিশ্চিত করতে আগামী ১৪ অগাস্ট রাত ৯টায় এক বিশেষ মিছিলে ‘রাত দখলে’র আহ্বান জানিয়েছেন তিনি।
জানা গেছে, ১৪ অগাস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে জমায়েত শুরু হবে। সেখান থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিলটি ব্রিজের ওপর দিয়ে গোলপার্ক পর্যন্ত যাবে এবং পুনরায় ব্রিজের নিচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে এসে শেষ হবে। ৮ থেকে ৮০ বছর বয়সের সাধারণ নারী, স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে নারী সংবাদকর্মী—সকলকে বৈষম্য ভুলে এই মিছিলে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন পুরমন্ত্রী।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারীদের সামাজিক বিধিনিষেধ ও সুরক্ষার বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পাল। বিভিন্ন সময়ে নারীদের পোশাক, বেরোনোর সময়সীমা কিংবা জীবনযাত্রা নিয়ে সমাজে চলে আসা কটূক্তির কড়া প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “কে বলে দেবে আমরা কখন বেরোব, কখন ঢুকব কিংবা কী পোশাক পরব? এসব সামাজিক চাপ আমরা আর মানবো না। নারীদের নিরাপত্তা প্রদান করা এবং ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।”
অতীতে বিভিন্ন অপরাধের ঘটনায় নারীদের চরিত্র বা পোশাক নিয়ে প্রশ্ন তোলার যে মানসিকতা দেখা গেছে, তার তীব্র সমালোচনা করে মন্ত্রী স্পষ্ট জানান—রাতের শহর যেমন পুরুষের, ঠিক তেমনই সমান অধিকার রয়েছে নারীদেরও। আর সেই অধিকারের বার্তা দিতেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ‘রাত দখল’ কর্মসূচির পরিকল্পনা।
