প্রমাণের অভাব! বহুচর্চিত গণধ*র্ষ*ণ মামলায় চার যুবককে নিয়ে শিয়ালদহ আদালতের বড় রায় – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২২ সালে কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এক ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছিল। বাসিরহাট থেকে নাবালিকাকে ভুল বুঝিয়ে শিয়ালদহে এনে রাজাবাজারের নির্জন স্থানে নির্যাতনের অভিযোগে চার যুবককে গ্রেফতার করে তদন্তে নামে পুলিশ। সেই আলোড়ন সৃষ্টিকারী মামলার বিচার চলছিল শিয়ালদহের বিশেষ পকসো আদালতে। অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে প্রমাণের অভাবে ধৃত চার অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিল আদালত।
মেডিকেল ও ফরেন্সিক রিপোর্ট, ঘটনাস্থলের তথ্য এবং সাক্ষীদের বয়ানে একাধিক মারাত্মক অসঙ্গতি ধরা পড়ার পরই বিচারক অভিযুক্তদের মুক্তি দেন। আদালতের রায়ের পর মুক্তিপ্রাপ্তদের আইনজীবী রবিউল হক জানান, অপহরণ ও গণধর্ষণের কোনো অভিযোগই আদালতে তথ্যপ্রমাণ দিয়ে তুলে ধরা সম্ভব হয়নি, যা মিথ্যা মামলার সত্যতা প্রমাণ করে। অন্যদিকে, রায়ের বিষদ নথি খতিয়ে না দেখে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি সরকারি কৌঁসুলি।
