নির্মল ও সঞ্জীব গ্রেপ্তার: ‘বাংলার সব মা-মেয়ের সুরক্ষা নিশ্চিত’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় অভয়ার মা – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর দেওয়া কথা রাখলেন। অভয়ার বাবার নতুন অভিযোগ দায়েরের মাত্র ২ দিনের মাথায় গতি পেল তদন্ত। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে এবং রাতেই খড়দহ থানার পুলিশের জালে ধরা পড়েন অভয়ার ‘কাকু’ বলে পরিচিত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়।
গত ৯ আগস্ট অভয়ার স্মরণসভায় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, নতুন করে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরপর ১০ আগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। তদন্তে নেমে ১৩ তারিখ সকালে নির্মল ঘোষকে এবং লুধিয়ানা থেকে ফিরতেই রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন অভয়ার মা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর কাজের তফাৎ স্পষ্ট। প্রশাসন সঠিক দিকে এগোচ্ছে এবং বাংলার সব মা-মেয়ের সুরক্ষা এখন নিশ্চিত। পাশাপাশি আক্ষেপের সুরে তিনি যোগ করেন, “পাঁচ বছর আগে এমন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ কাড়তে পারত না।”
একই পোস্টে এনআরএস হাসপাতালের নার্সের মর্মান্তিক মৃত্যু নিয়েও ক্ষোভ ও সমবেদনা প্রকাশ করেন অভয়ার মা। তিনি এই ঘটনার যথাযথ তদন্ত ও অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন পাশবিক অপরাধ করার সাহস না পায়।
