খড়ের চালের কুটির থেকে লালকেল্লার আমন্ত্রণ, সুন্দরবনের মেয়ের ভাগ্যে কি শিকে ছিঁড়ল! – এবেলা

খড়ের চালের কুটির থেকে লালকেল্লার আমন্ত্রণ, সুন্দরবনের মেয়ের ভাগ্যে কি শিকে ছিঁড়ল! – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ ঋতুভকত হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। কেন্দ্র সরকারের আয়োজিত ‘বিকশিত ভারত’ শীর্ষক ইংরেজি রচনা প্রতিযোগিতায় তার অসাধারণ লেখা দিল্লি প্রশাসনের নজর কেড়েছে। মাতলা ও বিদ্যাধরী নদীবেষ্টিত প্রান্তিক সুন্দরবনের এই বদ্বীপ অঞ্চল থেকে খোদ লালকেল্লার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে সেলিমা। কিন্তু অভাবের তাড়নায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

দিনমজুর বাবার খড়ের চালের সংসারে নিত্যদিনের টানাপোড়েন। এমন পরিবারের পক্ষে রাজধানীতে যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচ বহন করা আসাম্ভব। মোবাইলে বিশেষ পাস চলে এলেও অর্থাভাবে দিল্লিযাত্রা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার সেলিমার মা ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। প্রধান শিক্ষক অম্বরীশকুমার দত্ত জানিয়েছেন, সুন্দরবনের এই গর্বের মেয়ের দিল্লি যাত্রা নিশ্চিত করতে প্রশাসনিক স্তরে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *