কিছু বোঝার আগেই সব শেষ! হৃদরোগের নীরব ঝুঁকি থেকে বাঁচবেন কীভাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
মানুষের হৃদপিণ্ড অবিরাম কাজ করে গেলেও শরীরের সবচেয়ে বড় ধমনী বা আওরটায় অনেক সময় এমন কিছু নীরব সমস্যা তৈরি হয়, যা মারাত্মক রূপ নেওয়ার আগে তা বোঝাই যায় না। বর্তমান ভারতে হৃদরোগের ভয়াবহ বিস্তারের প্রেক্ষাপটে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং প্রতিরোধমূলক চিকিৎসার প্রয়োজনীয়তা এখন সর্বাগ্রে প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। সম্প্রতি মণিপাল ব্রডওয়ে আওরটা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে এই সতর্কতা জারি করে বিশেষজ্ঞরা জানান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মতো সমস্যাগুলি নীরবে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। প্রিভেন্টিভ কার্ডিওলজির মাধ্যমে এই ঝুঁকিগুলি শুরুতেই চিহ্নিত করে সঠিক জীবনধারা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভারতে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর প্রায় ২৭ শতাংশের মূল কারণ হৃদরোগ, যার মধ্যে ৪০ থেকে ৬৯ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৪৫ শতাংশ। দেশের প্রায় ২২ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগলেও মাত্র ১২ শতাংশ মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে, যা পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক করে তুলেছে। চিকিৎসকদের মতে, হার্ট ফেলিয়ারের চিকিৎসায় কেবল এককালীন চিকিৎসা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন দেখভাল ও সচেতনতা।
