নেতাজি নিয়ে বিতর্ক! ক্ষমার অযোগ্য কাজ করেছেন অনন্ত মহারাজ, বললেন শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লাগাতার অবমাননাকর মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়া বিজেপি সাংসদ অনন্ত মহারাজ শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি ১৭ সেকেন্ডের ভিডিও বার্তা পোস্ট করে তিনি জানান, তাঁর অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে তাঁর এই বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। কেড়ে নেওয়া হয় তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান। পাশাপাশি, নেতাজির বিরুদ্ধে অবমাননাকর পোস্ট ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, ২৮৭টি ফেসবুক পোস্ট ডিলিট করানো হয়েছে এবং ৬টি এফআইআর দায়ের করা হয়েছে।
শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, অনন্ত মহারাজ ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তবে তাঁর বয়স ও রাজ্যসভার বর্ষীয়ান সদস্যের বিষয়টি মাথায় রেখে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেওয়ায় তা ইতিবাচক হিসেবে দেখছেন। একইসঙ্গে পূর্বতন সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই সম্মান তাঁকে কে দিয়েছিল? রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও এমন অনেককে রাজ্যসভায় পাঠানো হয় বলেও মন্তব্য করেন তিনি।
