“তোকে এমন মারব…”, থানায় অভিযোগ জানানোর অপরাধে কানপুরে ছাত্রকে শিক্ষিকার হুমকি – এবেলা

“তোকে এমন মারব…”, থানায় অভিযোগ জানানোর অপরাধে কানপুরে ছাত্রকে শিক্ষিকার হুমকি – এবেলা

এবেলা ডেস্কঃ

ক্লাসে পড়াশোনার কোনো বালাই নেই, শিক্ষকরা সারাক্ষণ ব্যস্ত নিজেদের ফোন আর আড্ডায়। কোনো প্রতিবাদ করতে গেলেই মিলছে মারধর। সরকারি স্কুলের এই বেহাল দশা আর সহ্য করতে না পেরে সোজা থানায় গিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নালিশ জানাল সপ্তম শ্রেণির এক ছাত্র। কানপুর দেহাতের রাসধান এলাকার এক সরকারি স্কুলের এই ঘটনায় বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

অভিযোগকারী ছাত্র মাধব মিশ্রের দাবি, স্কুলে পড়াশোনা না হওয়ায় ছাত্রছাত্রীদের সারাদিন খেলেই কাটাতে হয়। তাছাড়া স্কুলের বড় ছাত্ররা তাকে নিয়মিত মারধর করে। এমনকি শিক্ষককে জানিয়েও কোনো লাভ হয়নি। এরপরই সে বাধ্য হয়ে সোজা থানায় হাজির হয়।

অভিযোগ পেয়ে কালবিলম্ব না করে মাধবকে সাথে নিয়ে স্কুলে পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশের সামনেই ঘটে আরেক বিপত্তি। সাইমা খান নামে এক শিক্ষিকা ওই ছাত্রের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের উপস্থিতিতেই তাকে মারধরের হুমকি দেন। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই সরকারি স্কুলের শিক্ষার মান এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *