নরপিশাচের তাণ্ডব: হাঁসুয়ার কোপে প্রাণ গেল ৩ শিশুর, আশঙ্কাজনক ১ – এবেলা

নরপিশাচের তাণ্ডব: হাঁসুয়ার কোপে প্রাণ গেল ৩ শিশুর, আশঙ্কাজনক ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের সুতিতে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। হাসুয়ার এলোপাথাড়ি কোপে প্রাণ হারাল তিন অবোধ শিশু, আর এক শিশু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর মাঝে ঝুলছে। ভয়াবহ এই ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠোনে একসঙ্গেই খেলাধুলো করছিল চারজন শিশু—যাদের বয়স ৫, ৬, ৭ এবং ১১ বছর। স্থানীয় অভিযোগ অনুযায়ী, হঠাৎই ১১ বছরের মেয়েটিকে ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। উঠোনের বাকি তিন শিশু এই কাণ্ড দেখে ফেললে ধরা পড়ার ভয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। লোকচক্ষুর আড়াল করতে ধারালো হাঁসুয়া এনে চার শিশুর ওপরই হিংস্রভাবে চড়াও হয় ওই যুবক।

আক্রান্তদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারায় আরও দুইজন। মৃতরা হলো—ইসরাত পারভিন (১১), আনিসা খাতুন (৭) এবং মণিফা খাতুন (৫)।

বর্তমানে ছয় বছরের শিশু নুসরত জাহান আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই নারকীয় হত্যাকাণ্ডে পুরো সুতি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ও তীব্র ক্ষোভ। অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *