“এখানেই ইতি!” সাভারকর বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাহুল গান্ধীর – এবেলা

এবেলা ডেস্কঃ
বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ফৌজদারি মামলা থেকে বড় আইনি স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই মামলার বিচার প্রক্রিয়ার কোনো আইনি অনুমোদন নেওয়া হয়নি। সরকারের অনুমোদন ছাড়া কীভাবে ম্যাজিস্ট্রেট তলব করতে পারেন—তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত সমন নির্দেশ বাতিল করে এবং জানায়, “বিষয়টি এখানেই শেষ।”
ঘটনার পটভূমি: ২০২২ সালের ১৭ নভেম্বর ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন মহারাষ্ট্রের আকোলায় এক জনসভায় রাহুল গান্ধী দাবি করেন, বীর সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছিলেন এবং মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো নেতাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
এই মন্তব্যের জেরে উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন আইনজীবী নৃপেন্দ্র পাণ্ডে। নিম্ন আদালতের সমন ও হাইকোর্টের পরামর্শের পর রাহুল গান্ধী সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং শেষ পর্যন্ত শীর্ষ আদালতের এই রায়ে মামলাটি খারিজ হলো।
