বাংলায় ফিরছে টাটা! ২৮ হাজার কোটি টাকার মেগা বিনিয়োগে নতুন শিল্প বিপ্লব – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ দুই দশক পর অবশেষে কি বাংলায় ফিরছে টাটা গোষ্ঠী? সিঙ্গুর অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজ্যে বিনিয়োগ বাড়াতে টাটার সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে সরকার। শুধু তাই নয়, গত তিন মাসে রাজ্যে প্রায় ২৮ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। রাজ্যের নতুন শিল্পনীতিতে পাট ও চায়ের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারের মতো আধুনিক ক্ষেত্রগুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিনিয়োগের পরিবেশ অনুকূল করতে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ও সহজ লজিস্টিক পরিকাঠামো তৈরির কাজ চলছে।
শিল্পের জন্য জমি অধিগ্রহণের পুরোনো নীতি বদলে এবার সরাসরি ক্রয় এবং ল্যান্ড পুলিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিল্প ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হুলিগানিজম বরদাস্ত করা হবে না। আদানি গোষ্ঠী, লারসেন অ্যান্ড টুব্রো সহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর রাজ্যে রেল, বন্দর ও স্বাস্থ্য ক্ষেত্রে মেগা বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। আগামী দিনে এই পন্থায় কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
