বিদেশে ডাক্তারি থেকে দ্বিগুণ আর্থিক সাহায্য, কন্যাদের উচ্চশিক্ষায় মুখ্যমন্ত্রীর ১০০ কোটির মেগা মাস্টারস্ট্রোক! – এবেলা

বিদেশে ডাক্তারি থেকে দ্বিগুণ আর্থিক সাহায্য, কন্যাদের উচ্চশিক্ষায় মুখ্যমন্ত্রীর ১০০ কোটির মেগা মাস্টারস্ট্রোক! – এবেলা

এবেলা ডেস্কঃ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারীশিক্ষার আদর্শকে পাথেয় করে রাজ্যে নারী শিক্ষা, ক্ষমতায়ন ও সুরক্ষার নতুন রোডম্যাপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ‘কন্যারত্ন দিবস’-এর বিশেষ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, অর্থের অভাবে কোনো ছাত্রীর পড়াশোনা বন্ধ হবে না। এই লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কন্যাদের আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ২,০০০ টাকা করার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘পালনা’ স্কিম এবং নারীদের জরুরি সহায়তায় ‘১৮১’ হেল্পলাইন সার্ভিস যুক্ত করা হলো। প্রথম ধাপে ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর জন্য ৪০০ কোটি টাকা সরাসরি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

মেধাবী পড়ুয়াদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা—বিদেশে উচ্চশিক্ষা কিংবা জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সহায়তায় ১০০ কোটি টাকার বিশেষ ‘স্বামী বিবেকানন্দ তহবিল’ গঠন করা হয়েছে। স্কুলেও ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালু থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নতুন সরকারকে অনুপ্রাণিত করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে দেশপ্রেম ও জাতীয়তাবাদের জাগরণে ভারতের কন্যারা মাতঙ্গিনী হাজরার মতো আত্মত্যাগের ভূমিকা গ্রহণ করুক। নতুন সরকার ১০০ দিন অতিক্রান্ত করার পর প্রশাসনিক সমীক্ষা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তব্য শেষে পবিত্র স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *