দুর্যোগে বন্ধ হেলিকপ্টার: শেষ মুহূর্তে সুন্দরবন সফর বাতিল, দুঃখপ্রকাশ রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ
খারাপ আবহাওয়ার কারণে ৮০তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবায় পরিকল্পিত সফর বাতিল করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, গোসাবার কিষাণ মাণ্ডিতে তাঁর জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল। তবে সকাল থেকেই এলাকা জুড়ে প্রবল বৃষ্টি ও ঝড়ঝাপটার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি মেলেনি, যার ফলে শেষ মুহূর্তে এই সফর বাতিল হয়।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে থাকলেও, দুর্যোগের কারণে শেষ পর্যন্ত জেলাশাসক অভিষেক তিওয়ারি সেখানে পতাকা উত্তোলন করেন। সফর বাতিলের পর সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা সাধারণ মানুষের কাছে দুঃখপ্রকাশ করে জানান, দুর্যোগের কারণেই মুখ্যমন্ত্রী আসতে পারেননি, তবে খুব শীঘ্রই তিনি গোসাবায় আসবেন।
এর আগে সকালে রেড রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজির মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের পর তিনি অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএস অফিসারকে ‘মুখ্যমন্ত্রীর পদক’-এ ভূষিত করেন। কুচকাওয়াজের পাশাপাশি এই আয়োজনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মারক ট্যাবলোসহ রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মোট ১২টি সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়।
