সকালে ৭.৭, সন্ধ্যায় ৬.৮! জোড়া ভূমিকম্পে স্তব্ধ ইন্দোনেশিয়া, জারির পর উঠল সুনামি সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ
২৪ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া। শনিবার ভোরে সুমাত্রা উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ৭.৭ মাত্রার প্রলয়ংকরী কম্পন। এর ধাক্কা কাটতে না কাটতেই সন্ধ্যায় উত্তর সুমাত্রায় ফের ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, সন্ধ্যার কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫৮ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
তবে ভোরের বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তে ধসে পড়েছে একের পর এক ঘরবাড়ি। প্রশাসন নিশ্চিত করেছে, ইতিমধ্যেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং ধংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ভোরের শক্তিশালী কম্পনের পরপরই উপকূল জুড়ে তৈরি হয় সুনামি আতঙ্ক। প্রশাসন দ্রুত সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়। একদিনে দুই দফায় প্রবল কম্পনে বর্তমানে পুরো দেশজুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। উপকূলীয় এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
