পরকীয়া নিয়ে বচসার জের, মুর্শিদাবাদে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার! কাঠগড়ায় টোটোচালক স্বামী – এবেলা

পরকীয়া নিয়ে বচসার জের, মুর্শিদাবাদে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার! কাঠগড়ায় টোটোচালক স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় পরকীয়া সম্পর্কের টানা পোড়েনে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম নুরবানু বিবি (৩৯)। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফিরোজ শেখ ও তাঁর প্রেমিকা রুবিলা খাতুন এলাকা ছেড়ে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় টোটোচালক ফিরোজ শেখ এবং নুরবানু বিবির দীর্ঘদিনের দাম্পত্য জীবনে চার সন্তান রয়েছে। তবে বেশ কিছু দিন ধরে গ্রামেরই এক মহিলা, রুবিলা খাতুনের সঙ্গে ফিরোজের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দম্পতির মধ্যে প্রচণ্ড অশান্তি চলছিল।

মৃতার মেজো মেয়ে (দশম শ্রেণির ছাত্রী) জানায়, মা বাড়ির বাইরে গেলেই তার বাবা রুবিলা নামের ওই মহিলাকে ঘরে নিয়ে আসত। শুক্রবার এ নিয়ে খবর পেয়ে মা বাড়ি ফিরে এলে বচসা চরম আকার ধারণ করে। কিছুক্ষণ পর পাশের ঘর থেকে মেয়ে দেখতে পায়, বাবা ও ওই মহিলা তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে সে মায়ের ঝুলন্ত দেহ দেখতে পায়।

প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে ভরতপুর থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ভরতপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু ও প্ররোচনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং পলাতক স্বামী ও তাঁর প্রেমিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *